কুষ্টিয়ার দৌলতপুরের দুর্গম এলাকা শেহালায় জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫৫) নিহত হয়েছে। এ সময় ঠেকাতে গেলে বাবু বাদাল( ৪৫) ও তপন বাদাল(৩৫) গুরুতর ভাবে আহত হয়।
রোববার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদাল তলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইমদাদুল হক বাদাল (৫৫) ওই এলাকার সুলতান বাদালের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।দৌলতপুর থানা পুলিশ রোববার রাতে এ ঘটনার সঙ্গে জড়িত বজলু বাদাল ও তার স্ত্রীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার রাতে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমির রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদাল এর হাসুয়ার কোপে ছোট ভাই এমদাদুল হক বাদাল নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে আরও জড়িতদের গ্রেপ্তার সহ আইন গত ব্যবস্থা নেয়া হবে। দৌলতপুর থানা পুলিশ সোমবার সকালে নিহতের লাশ ময়নাতনদের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।