মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ পিএম | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম
মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর পার্কের মোড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ও তার ভাই আতিকসহ কয়েকজনকে নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয়ে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা সমঝোতার জন্য অর্থ দাবির মতো যেসব অভিযোগ করা হয়েছে, সেসব বিষয়ে তিনি অবগত নন এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিটের দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন, অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের উত্থাপিত কথিত অভিযোগ সম্পর্কে সংগঠনটি পূর্বে অবহিত ছিল না। একই সঙ্গে ওই সংবাদ সম্মেলনের বিষয়ে সংগঠনের কোনো পূর্বানুমোদন, অবগতি বা সম্পৃক্ততা ছিল না বলেও তাকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

রবিউল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ সামনে আনা হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মিথ্যা অভিযোগে কাউকে হয়রানি বা সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত করা উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, তথ্য ও প্রমাণ যাচাই করতে পারে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক, সেটিই তার দাবি।

সাংবাদিকদের উদ্দেশে ছাত্রদলের এই নেতা বলেন, কোনো ব্যক্তি অভিযোগ করলেই সেটিকে সত্য হিসেবে প্রচার না করে অভিযোগের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও প্রকাশ করা প্রয়োজন। কারণ অসম্পূর্ণ বা একপাক্ষিক সংবাদ একজন মানুষের সামাজিক মর্যাদা, পারিবারিক সম্মান এবং রাজনৈতিক অবস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

রবিউল ইসলাম আরও বলেন, ভবিষ্যতে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রচার করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হলে তিনি প্রচলিত আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে সাংবাদিক সমাজের প্রতি বিষয়টি যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে রংপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে