পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক নুসরাত ফাতেমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে নীলফামারী জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নুসরাত ফাতেমা নীলফামারী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সম্প্রতি পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হয়েছেন। পদোন্নতির পর তিনি রংপুর সমাজসেবা অধিদপ্তরে নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
বিদায়ী সংবর্ধনায় নুসরাত ফাতেমা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে আন্তরিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়ায় তিনি জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা তাঁর কর্মজীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। নীলফামারী জেলা প্রশাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি তিনি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করে নুসরাত ফাতেমা বলেন, নীলফামারীতে কর্মকালীন সময়ে সহকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন, তা তিনি সবসময় স্মরণে রাখবেন।