আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

দুই মাস পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই বল হাতে অবদান রেখেছিলেন বরুণ চক্রবর্তী। তবে ফেরার ম্যাচের পরই আবার চোটের ধাক্কা খেলেন ভারতের এই স্পিনার। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে ভারত। সেই ম্যাচে নিজের চার ওভার পূর্ণ করে ১৬ রান দিয়ে একটি উইকেট নেন বরুণ। কিন্তু ম্যাচের পর শরীরের পাশের অংশে অস্বস্তি অনুভব করেন তিনি। ফলে সিরিজের পরের দুই ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। তবে বরুণের এই চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য ভারতের দলে তার থাকার সম্ভাবনা রয়েছে। বরুণের বদলি হিসেবে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেনি ভারত। তবে বর্তমান স্কোয়াডে তার জায়গা পূরণের জন্য রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দর, দুজনই বিকল্প হিসেবে আছেন। এর আগে জুলাইয়ের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে গ্রেড-২ হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন বরুণ। এরপর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান তিনি। প্রায় দুই মাস পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন।