এশিয়ান গেমস উপলক্ষে

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম
চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান
ছবি: সংগ্রহীত

২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বুধবার সেনাপ্রধানকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন সেনাপ্রধান। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।