নীলফামারীর চারটি সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্যই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ব্যক্তিগত সফরে তাঁরা বিদেশে গেছেন বলে একটি সূত্র জানিয়েছে। সফরের অংশ হিসেবে চার এমপি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে জানা গেছে।
বিদেশ সফরে যাওয়া সংসদ সদস্যরা হলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর) আসনের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের হাফেজ আব্দুল মুনতাকিম।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হন। ফলে জেলার চার সংসদীয় আসনেই বর্তমানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রয়েছেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে চার এমপির বিদেশ সফরের তথ্যও এসেছে। সেখানে তাঁদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও সৌদি আরব সফরের কথা উল্লেখ করা হয়। তবে তাঁদের বর্তমান সফরের বিস্তারিত কর্মসূচি, সফরের উদ্দেশ্য এবং সফরকাল সম্পর্কে সংশ্লিষ্ট এমপিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যক্তিগত সফর হওয়ায় সফরের ব্যয় বা আনুষঙ্গিক বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। চার এমপির একসঙ্গে দেশের বাইরে অবস্থানের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।