কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম
কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪
গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজি চালকও রয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক ইউনিয়নের বীর উজলী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, জয়দেবপুরের চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁরা হলেন নেত্রকোনার কেন্দুয়া এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র শামীম এবং গাজীপুর সদর এলাকার আমির উদ্দিনের পুত্র আফতাব উদ্দিন। আহতদের মধ্যে কেন্দুয়া এলাকার আব্দুল হাইয়ের কন্যা শরিফা (২৬) ও লিজা (৩০) রয়েছেন। লিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া বেদেনা (৫৫) ও বাদল (২৫) নামের আরও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত সিএনজি চালক শামীমের ছোট ভাই সুমন মিয়া বলেন, তাঁর ভাই গাজীপুর থেকে সিএনজি নিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। উজলী বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া যাচ্ছিল না। এ কারণে তাঁকে খুঁজে পেতে পরিবারের সদস্যদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে