দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে নব্বইয়ের দশকের ‘চিরকুট’

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম
দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে নব্বইয়ের দশকের ‘চিরকুট’
ছবি: সংগ্রহীত

নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসজীবনের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম আর এক সত্য ঘটনা। এসব নিয়েই নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘চিরকুট’। তরুণ নির্মাতা মুনতাসির আকিবের পরিচালনায় সিনেমাটি আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

‘চিরকুট’ সিনেমার গল্পের সূত্রপাত নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে। সেই সময়ের শিক্ষার্থীদের জীবনযাপন, সম্পর্ক, আবেগ ও ক্যাম্পাসের পরিবেশকে বর্তমান প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

মুনতাসির আকিব বলেন, “নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুট সিনেমার গল্পের সূত্রপাত। সেই সময়ের আবেগ, সম্পর্ক ও স্মৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের দর্শকদের সংযোগ তৈরি করাই সিনেমাটির অন্যতম উদ্দেশ্য।”

নির্মাতার ভাষ্য, সেই সময়ের পরিবেশ পর্দায় তুলে ধরা সহজ ছিল না। পোশাক, ক্যাম্পাসের পরিবেশ, মানুষের জীবনযাপনসহ নানা অনুষঙ্গের ক্ষেত্রে সময়ের পার্থক্য মাথায় রেখে কাজ করতে হয়েছে।

মুনতাসির আকিব বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পর্দায় তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ। সময়ের পার্থক্য, পোশাক, ক্যাম্পাসের পরিবেশ এবং সে সময়ের জীবনযাপনের নানা অনুষঙ্গকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।”

সিনেমাটির ক্যাম্পাসের আবহকে বাস্তবসম্মত করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থীও এতে যুক্ত হয়েছেন। তাঁদের অংশগ্রহণে নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবনের পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

‘চিরকুট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ অনেকে।

ফিল্ম ম্যানিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন মুনতাসির আকিব। এটি তাঁর প্রথম সিনেমা পরিচালনা। সিনেমায় থাকছে চারটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল, মাশা, মেহেদী সরকার ও স্নেহাশিস চক্রবর্তী অভি।

নির্মাতার প্রত্যাশা, ‘চিরকুট’ শুধু একটি গল্প বলবে না, দর্শকদের নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই সময় ও পরিবেশের কাছেও নিয়ে যাবে। দুর্গাপূজাকে সামনে রেখে এখন চলছে সিনেমাটির মুক্তির প্রস্তুতি।