বগুড়ার শেরপুরে শ্রী শ্রী রাধারাণীর জন্মাষ্টমী এবং শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের তিন যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় পৌর শহরের ঐতিহ্যবাহী কালাচাঁদ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সভাপতি রঞ্জিত কৈরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-ধুনট (বগুড়া-৫) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল সহ উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর তাপস মালাকার, কোষাধক্ষ্য বিপ্লব সাহা লিপটন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৌরভ অধিকারী শুভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
আয়োজকরা জানান, রাধারাণীর জন্মতিথি উদযাপন উপলক্ষে কালাচাঁদ মন্দির প্রাঙ্গণে ৬৪ প্রহরব্যাপী (আট দিন) লীলা কীর্তন ও অন্নপ্রসাদ (নর-নারায়ণ সেবা) বিতরণের বিশেষ আয়োজন করা হয়েছে। এই আট দিনব্যাপী ধর্মীয় উৎসবে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে।