কুবির শিক্ষিকা নাহিদা নাহিদে সন্তানকে নৃশংস হত্যা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৩ পিএম
কুবির শিক্ষিকা নাহিদা নাহিদে সন্তানকে নৃশংস হত্যা,  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ও চাঁদপুরের কৃতি সন্তান, জনপ্রিয় কথাসাহিত্যিক নাহিদা নাহিদের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী একমাত্র শিশুপুত্র অপ্রতীমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘চাঁদপুর লেখক পরিষদ’।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জঙ্গলে দুর্বৃত্তরা অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে জিম্মি করে এবং পরবর্তীতে অত্যন্ত নির্মম ও পৈশাচিক কায়দায় তাকে হত্যা করে। সম্ভাবনাময় এক কিশোরের এই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত মৃত্যুতে স্বজন, সহপাঠী ও পুরো সাহিত্য-সংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই নির্মম হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানিয়ে চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িত সকল দুর্বৃত্ত ও ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুযায়ী সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "একটি নিরাপদ সমাজের জন্য অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি হওয়া জরুরি। এমন বর্বরোচিত ঘটনা যেন আর কোনো মায়ের বুক খালি না করে, সে বিষয়ে সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।" সারাদেশে খুন, ছিনতাই ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান জানিয়ে অনতিবিলম্বে অপ্রতীম হত্যার রহস্য উন্মোচন করে প্রধান আসামিদের ফাঁসির দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে