চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ্ তার প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে তার দেবর ও পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। গোপন সম্পর্কের বিষয়টি জানাজানি হলে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মরিয়ম বেগমকে নিয়ে রহমত উল্লাহ আত্মগোপনে চলে যান। ঘটনার পর থেকে তাদের উভয়ের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। মরিয়মের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি পরিবারের নজরে এলে প্রবাসে থাকা ইব্রাহিম খলিলকে অবহিত করা হয়। পারিবারিক টানাটানির একপর্যায়ে শনিবার রাতে তারা একসঙ্গে উধাও হয়ে যান।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী ও প্রবাসী ইব্রাহিম খলিলের দুই কন্যাসন্তান-ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬)-সহ পরিবারের অন্য সদস্যরা শাহরাস্তি থানায় উপস্থিত হন। এ সময় অবুঝ দুই সন্তানকে মায়ের খোঁজে থানা প্রাঙ্গণে আকুতি জানাতে দেখা যায়। ঘটনায় প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, তার পুত্রবধূ মরিয়ম বেগম ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।