বর্তমান সরকারের বড় সাফল্য অনেকাংশেই স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এ কারণে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। রোগীর চাপ বেশি এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসার জন্য বড় হাসপাতালগুলোতে আসেন। এসব হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, “সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যে হাসপাতালগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আছে, সেগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু হাসপাতালের অবকাঠামো নয়, চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করার পাশাপাশি দেশের চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য অনেক ক্ষেত্রে জেলা শহর বা বড় হাসপাতালের ওপর নির্ভর করতে হয়। উপজেলা পর্যায়ে এ সেবা সম্প্রসারণ করা গেলে প্রত্যন্ত এলাকার রোগীদের চিকিৎসার সুযোগ বাড়বে বলে জানান মন্ত্রী।
চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। দেশের চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ সেবা সম্প্রসারণের বিষয়টিও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। প্রতিষ্ঠার ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে।
হাসপাতালটিতে নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে। গুরুতর অবস্থায় থাকা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে এর মাধ্যমে হাসপাতালটির সক্ষমতা বাড়বে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।