উৎসবমুখর পরিবেশে

রংপুরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন তারাগঞ্জ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ পিএম
রংপুরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন তারাগঞ্জ

উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে তারাগঞ্জ থানা দল। রানার্সআপ হয়েছে কোতোয়ালি থানা দল। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় রানার্সআপ কোতোয়ালি থানা দলের হাতেও রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় রংপুর জেলার আটটি থানার দল অংশ নেয়।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা পুলিশের আয়োজনে রোববার (২০ সেপ্টেম্বর) পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ দেশের অন্যতম বড় শক্তি। তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

তিনি বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

রংপুর জেলা পুলিশ জানায়, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার (কাস্টমার সার্ভিস) রেজওয়ান রনি। ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু রায়হানসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে