ছয় মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জামায়াতের প্রতিবাদ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২২ পিএম
ছয় মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জামায়াতের প্রতিবাদ

ছয় মাসে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যে তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। গত ১৮ এপ্রিল প্রথম দফায়, ৩১ মে দ্বিতীয় দফায় এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর তৃতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অল্প সময়ের ব্যবধানে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের ধারাবাহিক গণবিরোধী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। তাঁর দাবি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে অস্বাভাবিক হারে দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এতে নিম্নআয়ের মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ বাড়বে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনে নিয়োগ এবং দুর্নীতি নিয়েও সরকারের সমালোচনা করেন মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি অবিলম্বে বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। মাওলানা হাবিবুর রহমান বলেন, রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ দেওয়া হচ্ছে এবং এর দায় জনগণের ওপর চাপাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু এবং জামায়াত নেতা শফিকুল আলম মফিক ও রফিকুল ইসলাম মজুমদার।

আপনার জেলার সংবাদ পড়তে