ইরানের আকাশে দেখা গেলো রহস্যময় বস্তু

এফএনএস বিশ্ব | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ এএম
ইরানের আকাশে দেখা গেলো রহস্যময় বস্তু

ইরানের রাজধানী তেহরানের আকাশে রহস্যময় এক উড়ন্ত বস্তুকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রাতের আকাশে উজ্জ্বল ও বহুরঙা আলো জ্বলতে থাকা একটি বস্তু ভেসে থাকতে দেখা গেছে। তবে বস্তুটি আসলে কী, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিডিওগুলো ২০ সেপ্টেম্বর ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফুটেজে রাতের আকাশে তুলনামূলক নিচু দিয়ে একটি আলোকিত বস্তু চলাচল করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়েছে, তেহরানের আজাদেগান এক্সপ্রেসওয়ের কাছে বস্তুটি দেখা যায়।

তবে এখন পর্যন্ত বস্তুটির সঠিক অবস্থান, উচ্চতা, গতি কিংবা আকার সম্পর্কে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষও বস্তুটি শনাক্ত করে কোনো বিবৃতি দেয়নি। এটিকে কোনো ধরনের হুমকি হিসেবেও বিবেচনা করা হচ্ছে কি না, সে বিষয়েও সরকারি কোনো তথ্য নেই।

রহস্যময় এই ভিডিওগুলো এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র।

ড্রোন, ঘুড়ি নাকি অন্য কিছু?

ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। কেউ কেউ ধারণা করছেন, এটি সামরিক ড্রোন হতে পারে। আবার কারও মতে, একই সময়ে একাধিক ড্রোন একসঙ্গে উড়ছিল এবং দূর থেকে সেগুলোকে একটি আলোকিত বস্তুর মতো দেখা গেছে।

আবার অন্যরা বলছেন, এটি ঘুড়ি কিংবা দূর থেকে দেখা অন্য কোনো সাধারণ বস্তুও হতে পারে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবার নিউজও ভিডিওগুলো ঘিরে এমন বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করেছে।

তবে এসবের কোনোটিই এখনো নিশ্চিত নয়। ভিডিওতে দেখা আলো ও বস্তুর প্রকৃতি সম্পর্কে নির্ভরযোগ্যভাবে সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্যও প্রকাশ্যে আসেনি।