বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিস্ফােরক ও ঘরপোড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
জামিন না মঞ্জুর হওয়া আসামিরা হলেন-বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফারুক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, উপজেলার বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী, সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার।
হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে তারা সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শেখ ফারুক হোসেন তাদের জামিন না মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেস্বর জামিনের শুণানীর দিন ধার্য্য করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাদী হয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদি মো. রাসেল পেশায় একজন ইজিবাইক চালক।
এ মামলায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিন থেকে চারশ’ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়। জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখিত ১০ নেতাকর্মী ওই মামলার এজাহারভূক্ত আসামি। তবে চাঞ্চল্যকর এ মামলায় উপজেলা বিএনপি সহ-সভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে।