রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সেই পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা দেশের সম্পদ। নিয়মিত পাঠদান নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব। শ্রেনিকক্ষে পাঠদানে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
সোমবার সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু সাঈদ চাঁদ আরও বলেন, মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ের উন্নয়নে বহুতল ভবন নির্মাণ, পুরোনো স্থাপনার সংস্কার এবং নিচু জায়গা ভরাটসহ প্রয়োজনীয় কাজ করা হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এলাকার সার্বিক উন্নয়নেও কাজ করা হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সে সময় দেশে খাদ্য সংকট ছিল। খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর দাবি, বিএনপি সাধারণ মানুষের দল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলটি আন্দোলন-সংগ্রাম করেছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে এমপি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ২১৯টি আসন পেয়ে সরকার গঠন করেছে। বিএনপির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে কোনো লাভ হবে না। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এটিই বিএনপির আন্দোলনের সফলতা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আগামীতে স্থানীয় নির্বাচনে অংশ নিতে চান, তাদের আগে জনগণের কাছে যেতে হবে এবং ভোটারদের মন জয় করতে হবে। এরপর নির্বাচনে আসতে হবে।
দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি বলেন, যত বড় নেতাই হোক, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।
পরে ফুল ও ক্রেস্ট দিয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুল ইসলাম আলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন।
প্রদর্শক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বিএনপি নেতা মুজিবর রহমান জুয়েল, হেলাল উদ্দিন রিয়াল, আব্দুস সামাদ মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আলী, কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হাসান বাবু, প্রতিষ্ঠাতা সভাপত্বি আবু গফুর ফেলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান কচি, আমানুল হক পিন্টু, সামিউল হক, মকুল হোসেন, বকুল হোসেন ও গোলাম মোস্তফা প্রমুখ।