নবীগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ, দুই আসামির ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫২ পিএম
নবীগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ, দুই আসামির ৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগ্রহীত

হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরজনকে কারাগারে পাঠানো হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর ইউনিয়নের শেখ কবিরের ছেলে শেখ জামাল এবং এলাহী মিয়ার ছেলে রাজিব মিয়া।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীমতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জান্নাত (১০) স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার সময় তাকে মোবাইল ফোন দেওয়ার কথা বলে ঘরে নিয়ে যাওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘরে নেওয়ার পর শেখ জামাল ও রাজিব মিয়া দরজা বন্ধ করে শিশুটিকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে শিশুটিকে ঘর থেকে বের করে দেওয়া হয়।

বাড়ি ফেরার পথে শিশুটি রাস্তায় অচেতন হয়ে পড়ে। এ সময় মুমিনা বেগম নামে এক নারী তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে জ্ঞান ফেরার পর সে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া চলতি বছরের ৩০ মার্চ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকালে মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম বলেন, আসামিদের বয়স বিবেচনায় আদালত তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন সেলিম।

আপনার জেলার সংবাদ পড়তে