বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০০ পিএম
বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগ্রহীত

‘বেহেশতের টিকিট বিক্রেতারা’ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, “ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবে, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।” এসব বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে একই দিন সকালে মনোহরদী উপজেলায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মনোহরদী জোনাল অফিসের আওতাধীন কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধনকালে দেশের রাজনীতি ও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য দেন মন্ত্রী।

তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। যারা দেশের মানুষকে গুম ও খুন করেছে, সেই ফ্যাসিস্টদের সঙ্গেও তারা হাত মিলিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, একদিকে ভারত থেকে বলা হচ্ছে ডিসেম্বরে তিনি ফিরবেন, অন্যদিকে দেশের ভেতর থেকে ডিসেম্বরেই সরকার পতনের কথা বলা হচ্ছে। তার ভাষায়, “তারা দুই পরাজিত শক্তি এক হয়েছে।”

সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের গণতন্ত্র ও দেশকে রক্ষার জন্য ১৯৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, ভারতের প্রভুত্ব করার জন্য নয়। দেশের মানুষ ভারতের প্রভুত্ব মেনে বসবাস করবে না বলেও মন্তব্য করেন তিনি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের মানুষ বন্ধুত্ব চায়, প্রভুত্ব মেনে নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।

ভারত সুষ্ঠুভাবে পানি বণ্টন না করলে চীনের সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ নির্মাণ করে বর্ষার মৌসুমে পানি ধরে রাখার কথাও জানান তিনি।

জ্বালানি সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত গ্যাসকূপ খনন করে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনার কথাও বলেন মন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সরকার দেশের উন্নয়নে কারও ওপর নির্ভরশীল হতে চায় না বলেও উল্লেখ করেন সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে পরিবার পরিকল্পনার পিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু হবে।

দালালের প্ররোচনায় মায়েদের অপ্রয়োজনীয় সিজারের দিকে না নেওয়ার আহ্বান জানান তিনি। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ ছাড়া আগামী শনিবার থেকে আবারও হাম টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান সরদার সাখাওয়াত হোসেন। যারা এখনো শিশুদের টিকা দেননি, তাদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন। সেখানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মু'মিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আলম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে