আশাশুনি উপজেলার কুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এড. দেবাশীষ মুখার্জী। শিক্ষক নিতাই কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য লিটন ঢালী, মেহেদী হাসান, রেহেনা খাতুন, সোমা খাতুন, খায়রুল ইসলাম, আক্তারুজ্জামান মনি ও কায়ুম হোসেন। বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বৃত্তিপ্রাপ্ত পাঁচজন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।