নওগাঁর পোরশায় নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললে বিক্ষোভকারীরা শান্ত হন। স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৭ সেপ্টেম্বর সকালে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুজ্জামান প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন। পরে সেখানেই তিনি ওই ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার এক বান্ধবীকে জানালে ঘটনা তাদের সহপাঠীসহ অভিভাবক ও স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। ফলে ওই শিক্ষকের শাস্তি দাবি করে স্থানীয়রা প্রধান শিক্ষক সহ অন্যদের দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ না থাকায় তাৎক্ষনিক ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আইনমেনে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।