কদমতলীতে ময়লা পরিষ্কারের সময় ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪২ পিএম
কদমতলীতে ময়লা পরিষ্কারের সময় ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর শনির আখড়ায় একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের (বিশ্রামাগার) সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার পৃথক সময়ে এ দুটি ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুর একটার দিকে কদমতলীর শনির আখড়ার ৮ নম্বর রোডের নির্মাণাধীন ‘সাফা টাওয়ারে’ কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন জোসনা বেগম। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জোসনাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইউনুস জানান, ভবনের পাঁচতলায় ময়লা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন জোসনা। তার পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি, তবে তিনি বর্তমানে শনির আখড়া এলাকাতেই বসবাস করতেন এবং পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

এদিকে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের সামনে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বিকেল চারটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধার মৃত্যুর বিষয়ে পরিদর্শক হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে ওয়েটিং রুমের সামনে থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনের মুখে জানা গেছে, নিহত বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে