পরিকল্পিত সন্ত্রাস ও অপতৎপরতার মাধ্যমে নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌর বিএনপি ও সদর উপজেলা বিএনপি’র যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
সমাবেশে পৌর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।”
নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে চায় কিংবা গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তা মোকাবিলা করা হবে। দেশে কোনো সন্ত্রাসের রাজত্ব চলতে দেওয়া হবে না। তারেক রহমানের দিকনির্দেশনায় সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপশক্তি রোধে তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় ঐক্য বজায় রাখতে হবে।”
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ সিকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদী, তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির হুমা, যুগ্ম সম্পাদক ইমান আলী মিয়াজী ও কবির মিয়াজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বানে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে পৌর ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।