নীলফামারীর সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থান। বিশাল জায়গাজুড়ে বিস্তৃত এ কবরস্থানটি শহরের মানুষের কাছে শুধু মরদেহ দাফনের স্থান নয়, বরং জীবনের অনিবার্য পরিণতির এক নীরব স্মারক। এখানে প্রবেশ করলেই বদলে যায় চারপাশের পরিবেশ। কোলাহলময় শহর থেকে যেন মুহূর্তেই মানুষ চলে যায় এক গভীর নীরবতার জগতে।
সারিবদ্ধ অসংখ্য কবর, সবুজ ঘাস আর নীরব পরিবেশ যে কাউকে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতে বাধ্য করে। কবরস্থানে প্রবেশের পর অনেকের মনেই জেগে ওঠে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা। প্রতিদিনের ব্যস্ততা, অর্থ-সম্পদ, পরিচয় কিংবা সামাজিক অবস্থান সবকিছুর শেষ পরিণতি যে একই, কবরস্থান সেই বাস্তবতার কথাই নীরবে মনে করিয়ে দেয়।
হাতিখানা কবরস্থানটি আয়তনে বেশ বড়। বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের শেষ ঠিকানা এই কবরস্থান। আপনজনকে শেষবারের মতো বিদায় জানাতে এখানে প্রতিনিয়তই আসেন স্বজনরা। দাফনের পর কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে প্রিয়জনের জন্য দোয়া করেন,কাদেন তারা।
কবরস্থানে গেলে মানুষের মনে এক ধরনের ভিন্ন অনুভূতি তৈরি হয়। জীবিত অবস্থায় মানুষ যত ব্যস্তই থাকুক না কেন, কবরের সারির সামনে দাঁড়ালে নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয়। মনে পড়ে যায় মানুষের স্থায়ী ঠিকানা কোনো দালানকোঠা, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা সম্পদের ভাণ্ডার নয়; জীবনের শেষ ঠিকানা এই মাটির ঘর।
স্থানীয় বাসিন্দারা জানান, হাতিখানা কবরস্থানটি সৈয়দপুরের মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত একটি স্থান। বিভিন্ন সময়ে স্বজনদের দাফন করতে এখানে আসেন শহরের মানুষ। কবরস্থানের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখার পাশাপাশি এর সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা প্রয়োজন বলেও মত অনেকের।
বিশেষজ্ঞদের মতে, একটি কবরস্থান শুধু মৃতদের শেষ আশ্রয়স্থল নয়; এটি জীবিতদের জন্যও আত্মজিজ্ঞাসার জায়গা। কবরস্থান মানুষকে অহংকার, হিংসা ও বিদ্বেষ থেকে দূরে থেকে মানবিক ও দায়িত্বশীল জীবনযাপনের কথাও স্মরণ করিয়ে দেয়।
সৈয়দপুরের হাতিখানা কবরস্থান তাই নিছক একটি কবরস্থান নয়। নীরবতায় ঘেরা এই স্থানটি যেন প্রতিদিন মানুষকে একটি চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়। জন্মের পর মৃত্যুই জীবনের অবধারিত পরিণতি। আর সেই অনন্ত যাত্রার শেষ ঠিকানা সবার জন্যই একই।
সৈয়দপুর হাতিখানা কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব ইসাহাক আলীর পক্ষে যুগ্ন সাধারণ সম্পাদক এম ওমর ফারুক বলেন,এটির কোন প্রতিষ্ঠা সাল পাওয়া যায়নি। তবে বৃটিশ আমলের পুর্বে।