সেনবাগে একরাতে দুই বাড়িতে চুরি

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম
সেনবাগে একরাতে দুই বাড়িতে চুরি

নোয়াখালীর সেনবাগে এক রাতেই পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল একটি বাড়ির টিনের চালা কেটে এবং অপর বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবিসিংহপুর গ্রামের মফিজের নতুন বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরের দল সিঁড়িঘরের টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। অপরদিকে একই রাতে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ নুরুল ইসলাম মাস্টার বাড়ির প্রবাসী সুজনের বসতঘরে চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাওয়ার সুযোগে চোরের দল বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, একটি ল্যাপটপ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

দুটি ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন চুরির ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ি দুটিতে ওই সময় কেউ না থাকায় চোরের দল সুযোগ নিয়ে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে