খুলনায় ফের যুবককে গুলি করে হত্যা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
খুলনায় ফের যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় একটি মাছের ঘের থেকে বাপ্পি ওরফে ‘কলম বাপ্পি’ (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাপ্পি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ইলাইপুর এলাকার মৃত আকবর শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে মোমিনবাগ এলাকার বিলের একটি মাছের ঘেরের পানিতে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ওসি আরও জানান, পূর্বশত্রুতা কিংবা কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাপ্পি এলাকায় নিয়মিত থাকতেন না এবং বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে