প্রতিযোগিতা আইন, ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো: আখতারুজ্জামান তালুকদার।
সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইকতিদার আলম এবং সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়িক সংগঠনসমূহের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা, সিন্ডিকেট রোধ এবং প্রতিযোগিতা আইন মেনে ব্যবসা পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করেন।