ফিরেছে পাটের সুদিন, ভালো দামে খুশি কৃষক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৩ পিএম
ফিরেছে পাটের সুদিন, ভালো দামে খুশি কৃষক

সোনালী আঁশে আবারো সোনালী স্বপ্ন দেখা দিয়েছে। ফিরেছে পাটের সুদিন। পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি কৃষক। হাট-বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে পাট। কৃষকের আশা সোনালী আঁশে তাদের ভাগ্য ফিরবে।

চাটমোহরসহ চলনবিল অঞ্চলের হাট-বাজারে পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৪০০ টাকা মণ। গত বছর পাটের সর্বোচ্চ দাম ছিলো ৩ হাজার ৬০০ টাকা। চাটমোহরের হাট-বাজারে এখন নতুন পাটের জমজমাট বেচাকেনা চলছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার অমৃতকুন্ডা হাটে পাট বিক্রি হয়েছে ৪৪০০ টাকা মণ দরে।  

চাটমোহর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছিল এবার। লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ৯০০ হেক্টর। আবাদ হয়েছে ৮ হাজার ৯৬০ হেক্টর। বিঘাপ্রতি ফলনও ভালো। হাট-বাজারে নতুন পাটের দামও বেশি। 

কথা হয় পাটচাষি আব্দুল মতিন প্রাং এর সাথে। তিনি বললেন,“আমন ধান রোপনের টাকার জন্য পাট বিক্রি করতে হচ্ছে। দাম ভালো পেয়েছি। কিছুটা ভেজা থাকায় ৪২০০ টাকা মণ বিক্রি করেছি। অনেক বছর পর পাটের ভালো দাম পেলাম।” 

উপজেলার আরেক পাটচাষি এজাবত আলী জানান,পাটের দাম বেশি ঠিক আছে। কিন্তু কামলার (কৃষিশ্রমিক) মজুরীতো দ্বিগুণ। তাও পাওয়া যাচ্ছেনা। ৯০০ থেকে ১০০০ টাকা প্রতিদিনের মজুরী। তাছাড়া ভরা মৌসুমে পর্যাপ্ত পানি ছিল না।    

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,পাটে জাগ দেওয়ার জন্য পানির সংকট কিছুটা ছিলো। পাটের ভালো ফলন ও দাম হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে