চিরিরবন্দরে ৪ মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদন্ড

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৫ পিএম
চিরিরবন্দরে ৪ মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদন্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি পাইপ ও গ্যাসলাইটসহ ৪ জন মাদকসেবিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ৩ জন মাদকসেবি ও সন্ধা সাড়ে ৭ টায় আব্দুলপুর ইউনিয়নের মামুদপুরে লিচুর বাগানে ১ জন মাদকসেবিকে আটক করে। 

থানা সুত্রে জানা গেছে, থানার এসআই (নি.) মোঃ আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নানিয়াটিকর এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। এসময় পুলিশ তাদের নিকট থেকে ৩টি টাপেন্টাডল ট্যাবলেট, ৩টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাসলাইট উদ্ধার করে। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে মোঃ মাহবুব ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং মান্না ইসলাম ও জীবন হোসেনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। ধৃতরা হলেন- উপজেলার ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গ্রামের গুপ্তিপাড়া এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ মাহবুব ইসলাম (৪০), একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম (২৬) এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন (২৪)। একইদিন সন্ধা সাড়ে ৭ টায় আব্দূরপুর ইউনিয়নের মামুদপুরে লিচুর বাগানে ১ জন মাদকসেবিকে আটক করা হলে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে নান্দেড়াই গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুর রহমানকে (২৭) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেলখানায় পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে