আবুল মুনছুরের ত্যাগ-আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: আসলাম চৌধুরী

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪২ পিএম
আবুল মুনছুরের ত্যাগ-আদর্শ নতুন প্রজন্মের প্রেরণা: আসলাম চৌধুরী

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুরের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনীতি ও সমাজসেবায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন স্বজন, সহকর্মী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রিয়জনকে হারানোর বেদনার পাশাপাশি তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতিও উঠে আসে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ। আসলাম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, আবুল মুনছুর মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘ সময় কাজ করেছেন। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর রাজনৈতিক অবস্থানে সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন তিনি। আসলাম চৌধুরীর মতে, তাঁর ত্যাগ ও কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হতে পারে।

তিনি আরও বলেন, দলের বিভিন্ন সময়ে যারা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন, তাঁদের অবদান স্মরণ করা প্রয়োজন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় আবুল মুনছুরের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়টিও তুলে ধরেন। স্মরণসভায় বাবার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে শাহীন পারভেজ ও একমাত্র মেয়ে ব্যারিস্টার সুমি আক্তার। তাঁরা বাবার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মুনছুর সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। তিনি সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের মেয়র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২৩ সেপ্টেম্বর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে