ডেঙ্গু মোকাবিলা ও রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ৫ লাখ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস্ কার্যক্রমের মাধ্যমে এসব কিট দেওয়া হয়েছে। কিটগুলো দ্রুত দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা এসব কিট স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে কিট গ্রহণের পর স্বাস্থ্যমন্ত্রী এগুলো দ্রুত দেশের বিভিন্ন হাসপাতালে বিতরণের নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যানজট ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে কিট হস্তান্তর অনুষ্ঠান কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজন করা হয়েছে। তবে কিটগুলো সেখানে রাখা হবে না। সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা দেওয়া হবে।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের চাহিদা অনুযায়ী এসব কিট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রয়োজনীয় হাসপাতালগুলোতে কিট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের কোনো অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “দেশে ডেঙ্গু টেস্ট কিটের পর্যাপ্ত মজুদ আছে।” ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ডেঙ্গু ভ্যাকসিন চালুর চিন্তা
বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ভ্যাকসিনটির ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই ভ্যাকসিন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যয়ের পাশাপাশি এর কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। আন্তর্জাতিক নির্দেশনা বিবেচনায় নিয়ে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
হাসপাতাল ও পরীক্ষাগার পরিদর্শন
কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মার্কিন দূতাবাস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার ঘুরে দেখেন। তারা হাসপাতালের জরুরি বিভাগও পরিদর্শন করেন।
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীন একটি সরকারি হাসপাতাল।