নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও আস্থাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
লানচু হাসান চৌধুরী বলেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখা। আগামী দিনে নির্বাচিত হলে তিনি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনসেবাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার ঘোষিত অঙ্গীকারের মধ্যে রয়েছে রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ, নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত পদক্ষেপ,শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও মেধা বিকাশে স্থানীয়ভাবে সহযোগিতার ব্যবস্থা করা। এ ছাড়া যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়, কৃষক,সাধারণ মানুষের সরকারি সেবা সহজলভ্য করতে সহযোগিতা, বয়স্ক, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর ইউনিয়ন গড়তে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথা জানান তিনি।
জনগণের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা, সবার সমান অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী। তিনি বলেন, আমি প্রতিশ্রুতির চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিতে চাই। জনগণের মতামত ও পরামর্শকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।