ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:৩০ পিএম
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রামের ইস্পাহানি এলাকায় ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করে গ্রেপ্তারের চেষ্টাকালে বাসের ধাক্কায় চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল আল আমিন সরদার নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি মাদারীপুরে এবং তিনি এক সন্তানের জনক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান, ‘সিএমপি পুলিশ লাইনসের এসএএফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার রোববার ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ইস্পাহানি চেকপোস্টে কর্মরত ছিলেন। এ সময় একজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টাকালে একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে