বরিশালের বাবুগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিক্রির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন জোবায়দা। সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। এ সময় শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সেক্রেটারি মো. আবুল কাসেম, প্রধান শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা প্রমুখ বক্তব্য দেন।