ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির যথাক্রমে 'ন' ও 'ত' বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে।
যার ফলে ঢাকা -ময়মনসিংহ রেলপথে প্রায় আধ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিট দিকে কাওরাইদ- মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে ১০টা ৪৫ মিনিট দিকে দুই বগির সংযোগ হুক মেরামত করে ট্রেনটি তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যো ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ - মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছলে হঠাৎ বগির সংযোগ হুক ভেঙে ন ও ত বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেন চালক ঘটনাটি বুঝতে পেরে ট্রেনটিকে থামিয়ে দেয়। এতে সাময়িক ভাবে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে রেলওয়ে কর্মীরা মেরামত কাজ শেষ করলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।