যুক্তি হোক সমাজ পরিবর্তনের শক্তি’

লক্ষ্ণীপুরে আন্তঃউপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) :
| আপডেট: ৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম
লক্ষ্ণীপুরে আন্তঃউপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা

‘যুক্তি হোক সমাজ পরিবর্তনের শক্তি, সুস্থ চিন্তায় সমৃদ্ধ সমাজ’-এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্ণীপুরে শুরু হয়েছে আন্তঃউপজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কামানখোলা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন। প্রতিযোগিতার আয়োজন করেছে কামানখোলা সেরা একাদশ। প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম দিনের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে কামানখোলা দাখিল মাদ্রাসা এবং রানার্সআপ হয়েছে আব্দুর রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো-কামানখোলা অলি উল্যা মুসলিম পলিটেকনিক একাডেমি, দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়, দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, চর মণ্ডল আব্দুর রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ উল্যা হাই স্কুল, কামানখোলা দাখিল মাদ্রাসা, চম্পাকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দালাল বাজার জিনিয়াস উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দালাল বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আহমেদ ভূঁইয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিচারকের দায়িত্ব পালন করেন দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস শর্মা ও মো. সেলিম মুন্সি। মডারেটরের দায়িত্বে ছিলেন রেজা। বিতর্কের মঞ্চে যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক নানা বিষয় তুলে ধরে। এতে তারা নিজেদের মেধা ও দক্ষতা প্রকাশের পাশাপাশি সমাজের সমস্যা, সম্ভাবনা ও সমাধান নিয়ে ভাবার সুযোগ পাচ্ছে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও সুস্থ বিতর্কের চর্চা গড়ে তুলতেই এ আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজ ও দেশ নিয়ে ইতিবাচক ও দায়িত্বশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে