বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৩:৫৪ পিএম
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল নগরীতে আয়োজিত ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভা-২০২৬’-এ জেলে ও সংশ্লিষ্টদের ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহবান জানানো হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালের পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব, বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বাড়বে। এজন্য নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ রাখতে হবে। একই সঙ্গে জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। সভায় মৎস্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে