বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, যুবক আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৪:৪৮ পিএম
বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, যুবক আটক

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (৩০) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।আব্দুর রহমান ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগর পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে গেটে তালা ঝুলতে দেখা যায়। স্থানীয়রা জানান, তার পরিবারের সদস্যরা সকালে থানায় গেছেন।আব্দুর রহমানের প্রতিবেশিরা জানান, তার বাবা অনেক আগে মারা গেছেন। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্রাট আগে শহরের একটি রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করতেন।পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেছেন। বর্তমানে তিনি বাড়িতে থাকতেন। মাঝেমধ্যে ভ্যানগাড়িতে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন। মঙ্গলবার রাতে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

সম্রাটের স্ত্রী আসমা খাতুন মোবাইল ফোনে বলেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। সন্ধ্যার দিকে পুলিশ আমাদের বাড়িতে এসে জানায়, সম্রাট হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়েছেন। এরপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আমরা এখন সদর থানায় অবস্থান করছি। ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে শনাক্ত করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুর রহমানকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানোর চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে