"একটি শিক্ষিত সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের এখন থেকেই দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এসব কথা বলেন। বিদ্যালয়ের সাফল্য ও শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য বলেন, "একটি পরিবারকে আলোকিত করতে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরও অসামান্য ভূমিকা থাকে। প্রতিষ্ঠানের সুনাম ও ধারাবাহিক ভালো ফলাফলের নেপথ্যে প্রধান শিক্ষকসহ পুরো শিক্ষক পরিবারের নিরলস পরিশ্রম ও আন্তরিকতা জড়িয়ে আছে।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, কেবল পাঠ্যবইয়ের লেখাপড়ায় সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক ও ধর্মীয় চর্চায় মনোযোগ দিতে হবে। বাংলা ও ইংরেজির বাইরে অন্যান্য ভাষা শেখার চর্চা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, "আমার পরিবারের পাঁচজন বোন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে। তাই মাতৃপীঠের সঙ্গে আমার গভীর আবেগ ও ভালোবাসার সম্পর্ক। তোমাদের লক্ষ্য হতে হবে এই বিদ্যাপীঠকে সমগ্র বাংলাদেশের মধ্যে এক নম্বর হিসেবে গড়ে তোলা। তোমাদের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব।" অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রধান অতিথি দ্রুততম সময়ে সুপেয় পানির সংকট সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি ছাত্রীদের খেলাধুলার সামগ্রী উপহার দেন।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভাটি ৯ম শ্রেণির শিক্ষার্থী মারজানা ঈষা ও আয়শা খানমের যৌথ সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে ৮ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা। মনোজ্ঞ এই আয়োজনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা হাবিব এবং পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী অপরাজিতা ধর মুগ্ধ। আলোচনা পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। এতে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণকলির গান, তাসপিয়া আক্তারের কবিতা আবৃত্তি এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী নিবেদিতার নৃত্য পরিবেশনা উপস্থিত সকলকে বিমোহিত করে। এর আগে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে শিক্ষার্থীদের গার্ড অব অনার প্রদান,ফুলের পাপড়ি ছিটিয়ে অভ্যর্থনা এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাসরিন আক্তার।এছাড়া বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪২ জন এবং ৮ম শ্রেণির ৬৮ জন মেধাবী কৃতি শিক্ষার্থীকে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও শুভকামনা জানানো হয়।