চাটমোহরের বেলগাছিতে তৈরি হচ্ছে অর্ধশতাধিক দুর্গা প্রতিমা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৪:৪৩ পিএম
চাটমোহরের বেলগাছিতে তৈরি হচ্ছে অর্ধশতাধিক দুর্গা প্রতিমা

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর ৮ দিন বাকি। তাই তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত সমান তালে কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গুমানী নদী পাড়ের বেলগাছি পালপাড়ায় চলছে দুর্গা প্রতিমা তৈরি,রোদে শুকানো আর রঙের কাজ। এ যেন এক মহাযজ্ঞ। এই পালপাড়ায় এবার তৈরি হচ্ছে অর্ধশতাধিক দুর্গা প্রতিমা। 

উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বেলগাছি পালপাড়া এখন প্রতিমা তৈরিতে মুখর। দম ফেলার সময় নেই প্রতিমা তৈরি কারিগর ও তাদের সহযোগিদের। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। এখানে শতাধিক প্রতিমা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিমা সরবরাহ শুরু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলগাছি পালপাড়া গিয়ে দেখা যায়,শিল্পীরা প্রতিমা তৈরির কাজ করছেন। বেশ কয়েকটি প্রতিমা শুকিয়ে তাতে চলছে রঙের প্রলেপ। পালপাড়ার নারী-পুরুষ এই কর্মযজ্ঞে মহাব্যস্ত। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরির অর্ডার নেওয়া হয়েছে।  প্রতিমা কারিগর অমল চন্দ্র পাল বলেন,মাটির কাজ শেষ করে প্রতিমা শুকানো হচ্ছে,কোনটি আবার শুকিয়ে রাখা হয়েছে,আবার কোনটার রঙ করা হচ্ছে। কিছু প্রতিমা ইতোমধ্যে সরবরাহও করা হয়েছে। প্রতিমায় যে ডিজাইনগুলো লাগানো হয়েছে সেগুলো দেখা হচ্ছে। সমস্যা থাকলে পরিবর্তন করা হচ্ছে। একেকটি প্রতিমায় রং করতে দুই দিন সময় লাগে। যেহেতু হাতে সময় কম। তাই দিনরাত কাজ করতে হচ্ছে।

এই পাড়ার অপূর্ব পাল ও সনাতন পাল জানালেন,ডিজাইন অনুযায়ী প্রতিমার মূল্য নির্ধারণ করা হয়। এখানে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতিমা তৈরি করা হচ্ছে।  দীপা রাণী পাল ও সুচিত্রা রানী পাল জানালেন,তারাও প্রতিমা তেরিতে সহযোগিতা করেন। বছরের এই সময়টা তারা ব্যস্ত থাকেন প্রতিমা তৈরির কাজে। ভালো আয় হয়। সারা বছর পালপাড়ায় তেমন ব্রবসা নেই। পূজা উপলক্ষে তারা ব্যস্ত থাকেন। বাড়ির সকলেই এ কাজে সম্পৃক্ত হয়। 

সারা দেশের মতো চাটমোহরেও দূর্গাপূজার তোড়জোর শুরু হয়েছে। প্রস্তুতি চলছে সর্বত্র। মন্ডপে সন্ডপে চলছে প্রতিমা স্থাপনের আয়োজন। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। এবার চাটমোহর উপজেলায় ৫৪টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।   পঞ্জিকা অনুযায়ী,আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবী দূর্গা প্রতিমা আসনে অধিষ্ঠিত হবেন। এবারের তিথি অনুযায়ী বিজয়া দশমী পালিত হবে ২০ অক্টোবর। এদিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

আপনার জেলার সংবাদ পড়তে