চাঁদপুরে সোতোকান কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪১ পিএম
চাঁদপুরে সোতোকান কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী

চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও সোতোকান কারাতে একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিশু-কিশোর ও তরুণ প্রশিক্ষণার্থী অংশ নিয়ে কারাতের নানা কলাকৌশল এবং আত্মরক্ষার কৌশল শেখেন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়।

দুপুরে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, "কারাতে শুধু একটি খেলা নয়, এটি শরীর সুস্থ রাখার পাশাপাশি আত্মরক্ষার চমৎকার এক কৌশল। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতে হবে। খেলাধুলায় সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রতিপক্ষের বিদ্বেষভাব রাখা যাবে না।"

শিক্ষার্থীদের উৎসাহিত করে জেলা প্রশাসক আরও বলেন, "আমাদের প্রশিক্ষণার্থীদের অধিকাংশই স্কুলপড়ুয়া। আশা করি, কারাতে শিখে তোমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবদান রাখবে। কারাতে চর্চার অগ্রযাত্রায় উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।" চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি শিহান এ বি রনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।

চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় সেমিনারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী। সেমিনারে অংশগ্রহণকারীদের কারাতের আধুনিক কলাকৌশল ও দৈনন্দিন জীবনে আত্মরক্ষার বিভিন্ন কৌশল বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে শেখানো হয়। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠান শেষে কারাতে চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে