মেহেরপুরে বাস চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:০৯ পিএম
মেহেরপুরে বাস চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

মেহেরপুরের রাজনগর গ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় ফাহিম (৭) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম রাজনগর বেলেপাড়া গ্রামের ইছা হকের ছেলে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ফাহিম। এ সময় দ্রুতগামী গোল্ডেন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে মেহেরপুরের একটি পাম্পের সামনে থেকে বাসটি আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।

এদিকে শিশু ফাহিমের এই মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। স্থানীয়রা জানান, নিহত ফাহিমের বাবা ইছা হকের পরিবারে এর আগেও বড় ধরনের ট্র্যাজেডি ঘটেছিল। কিছুদিন আগে রাজনগর মুশুরিবাজার বিলে পানিতে ডুবে ইছা হকের  দুটি কন্যাসন্তান মারা যাওয়ার ঘটনা ঘটেছিল। একের পর এক এমন স্বজন হারানোর বেদনায় পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা দোষী চালকের কঠোর শাস্তি দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, স্কুল ছুটির সময় গ্রামীণ সড়কে বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। প্রশাসনের উচিত অবিলম্বে এই রুটে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করা এবং স্পিডব্রেকার স্থাপন করা, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।"

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, ঘাতক গোল্ডেন পরিবহন বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে