চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:২৮ পিএম
চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, জরিমানা

বিএসটিআই লাইসেন্স ব্যতিরেকে পণ্য উৎপাদন এবং পরিমাপে কম দেওয়ার অপরাধে চাঁদপুর সদরে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ মোবাইল কোর্ট। সোমবার (১২ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন, চাঁদপুর এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা-এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক লাইসেন্সের জন্য কোনো আবেদন না করেই অবৈধভাবে কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত এবং বাজারজাত করার দায়ে ‘মায়ের দোয়া বেকারী’ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ এর ১৬ ও ৩১ ধারা মোতাবেক এ অর্থদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে পরিমাপে কারচুপির অপরাধে ‘শারমিন ফিলিং স্টেশন’ নামক একটি জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে পরিমাপ করার সময় দেখা যায়, ১০ লিটার ডিজেলে ৩৪০ মিলিমিটার এবং ১০ লিটার অক্টেনে ৪১০ মিলিমিটার করে তেল কম দেওয়া হচ্ছিল। ফলে 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। অভিযানটি জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ ইকবাল-এর নেতৃত্বে পরিচালিত হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা-এর পরিদর্শক (মেট্রোলজি) জনাব মো: শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) জনাব এস.এম. শাকিল ইউসুফ। বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তা অধিকার রক্ষা ও ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে