মতলবে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:০৭ পিএম
মতলবে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামের বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, ঘটনার দিন সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে