৭৫ হাজার চুমকিতে সেজেছেন দেবী দুর্গা

কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ মণ্ডপ কলারোয়ার মুরারীকাটী

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪০ এএম
কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ মণ্ডপ কলারোয়ার মুরারীকাটী

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বইছে আনন্দের বাতাস। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের মধ্যে এবার দর্শনার্থী ও ভক্তদের বিশেষ নজর কেড়েছে মুরারীকাটী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা পূজা মন্দির। সুনিপুণ কারুকার্য এবং নান্দনিক বৈশিষ্ট্যের কারণে ইতোমধ্যে এটি উপজেলার শ্রেষ্ঠ পূজা মণ্ডপ হিসেবে সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

এবারের পূজায় মণ্ডপটির প্রধান আকর্ষণ হলো সম্পূর্ণ হাতে তৈরি নান্দনিক প্রতিমা। প্রতিমাশিল্পী সুনিপুণ হাতে প্রায় ৭৫ হাজার চুমকি ফুটিয়ে তুলেছেন দুর্গা প্রতিমায়। চুমকির বর্ণিল আলো ও ঝলমলে সাজ দেবী প্রতিমাকে দান করেছে এক অনন্য অপরূপ রূপ। পূজা আয়োজন সম্পর্কে উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী শুক্রবার সন্ধ্যায় দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের সূচনা ঘটবে এবং বুধবার বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এ উৎসবের।

পূজা সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে গঠন করা হয়েছে পরিচালনা কমিটি। উদযাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু নির্মল মণ্ডল, সহ-সভাপতি বাবু রমেশ নন্দী, সাধারণ সম্পাদক বাবু শম্ভূ মণ্ডল এবং কোষাধ্যক্ষ বাবু আশিষ পোদ্দার। এছাড়া কমিটির অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাবু কার্তিক হোড়, বাবু রনজিত মণ্ডল, বাবু কাজল দাস, বাবু দিনবন্ধু মণ্ডল, বাবু প্রনেশ মণ্ডল, দিলীপ মণ্ডল, জিতেন, রামপদ, বাবু তিলোক গাইন, ও অনিমেষ পাল প্রমুখ। কমিটির সদস্যবৃন্দ জানান, দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে পূজা দর্শনের জন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। স্থানীয়দের ধারণা, ৭৫ হাজার চুমকির আলোয় সাজানো দেবী প্রতিমা দেখতে কলারোয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে এই মণ্ডপে।

আপনার জেলার সংবাদ পড়তে