খুলনায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ী নিহত

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম
খুলনায় ইমাদ পরিবহনের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ী নিহত

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এনসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার বাসিন্দা উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি পেশায় স্বর্ণ ও নার্সারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলে করে খুলনায় যাচ্ছিলেন মিলন কুমার। গুটুদিয়া এলাকায় মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলমান থাকায় তিনি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) একটি যাত্রীবাহী ইমাদ পরিবহন তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খর্ণিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মুন্সী পারভেজ হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে