সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা, ১১ জনের নামে মামলা, আটক ১

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:০৬ পিএম
সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা, ১১ জনের নামে মামলা, আটক ১

সিলেটের গোয়াইনঘাটে বহুল আলোচিত যুবদল নেতা বদরুল আলম হত্যা মামলায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিহত বদরুল আলমের বড় ভাই মাওলানা আখলাকুল আম্বিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীন আহমদকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এজাহারে আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের গুরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে আমিন মিয়াকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ১০টার দিকে বদরুল আলম ও তাঁর সহযোগী সাদেক আহমদ ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল বাজারে যান। পরে ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বদরুল আলম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে