কাউখালীতে দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে আনসার প্রেরন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০২:৫৪ পিএম
কাউখালীতে দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে আনসার প্রেরন

পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত থেকে আনসার সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার। এছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন এবং ইন্সপেক্টর খাদিজা আফরোজ ঝুমা উপস্থিত আনসার সদস্যদের পূজামণ্ডপে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেন। চলতি বছর কাউখালী উপজেলার সর্বমোট ২৫টি পূজা মণ্ডপে ১৫৮ জন আনসার সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৪টি মণ্ডপের প্রতিটিতে ৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বাকি ২১টি মণ্ডপের প্রতিটিতে ৬ জন করে সদস্য মোতায়েন থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার বলেন, শারদীয় দুর্গাপূজা যেন আমাদের উপজেলায় শতভাগ শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমরা সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছি। আনসার সদস্যরা নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। মণ্ডপগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধ, দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে