রংপুরে আরপিএমপি কমিশনারের সঙ্গে এমপি মতবিনিময়

আইনশৃঙ্খলা, মাদক ও যানজট নিরসনে গুরুত্ব দিলেন সংসদ সদস্য বেলাল

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:৪৬ পিএম
আইনশৃঙ্খলা, মাদক ও যানজট নিরসনে গুরুত্ব দিলেন সংসদ সদস্য বেলাল

রংপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক কারবার নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে পুলিশের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একজন সংসদ সদস্য হিসেবে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী প্রাপ্য প্রটোকল ও সম্মান নিশ্চিতের বিষয়টি তুলে ধরে এ ক্ষেত্রে প্রশাসনিক ঘাটতিগুলো পূরণের প্রতি মনোযোগ দিতে বলেন। মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না; মাদকের উৎস চিহ্নিত করে এর পেছনে থাকা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া মহানগরের কামারপাড়া বাসস্ট্যান্ডকেন্দ্রিক যানজট কমাতে বাসস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তর, অবৈধ বালু পয়েন্টের বিরুদ্ধে পুলিশের দৃশ্যমান অভিযান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) মাহফুজুর রহমান ও উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম এবং মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইন সহ আরও অনেকে। সংসদ সদস্যের বক্তব্যের প্রেক্ষিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। প্রটোকল নিশ্চিত করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে