ভূরুঙ্গামারী থানা পুলিশ আসামিকে ধরতে গিয়ে ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ৩

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ পিএম
ভূরুঙ্গামারী থানা পুলিশ আসামিকে ধরতে গিয়ে ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেন, তাঁর ভাই শাহাদাৎ হোসেন ও তাঁদের বাবা আব্দুস ছামাদ। শুক্রবার (১৬ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই তরুণ কুমার, এএসআই জাকির হোসেন, আবু সাঈদ ও হারুন অর রশিদ। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কর্মস্থলে রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করতে ডিপেরহাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আসামির স্বজন ও সহযোগীরা উত্তেজিত হয়ে জমায়েত হয়ে পুলিশের উপর চড়াও হলে পরিস্থিতির অবনতি ঘটে এবং চার পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্তবর্তী বিভিন্ন পথ দিয়ে মাদক প্রবেশের কারণে এলাকায় মাদক কারবারের ঝুঁকি রয়েছে। তাঁদের দাবি, মাদক কারবার নিয়ন্ত্রণে সীমান্তবর্তী ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী ও কচাকাটা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও নিয়মিত টহল জোরদার করা জরুরী প্রয়োজন।  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন গ্রেফতারকৃতদের আজ শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে